এইচ-১বি ভিসার ওপর লাখ ডলারের বেশি ফি আরোপের বিধিমালা প্রকাশ ট্রাম্প প্রশাসনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-১বি দক্ষ কর্মী ভিসার আবেদন ফি এক লাখ ডলারের বেশি নির্ধারণ করেছিল। তবে গত বছর জুন মাসে মার্কিন আদালত এই ফি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দেন।
আদালত জানান, এই ফি মূলত একটি কর, যা মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৪ আগস্ট) হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) পক্ষ থেকে নতুন প্রবিধান প্রকাশের মাধ্যমে বিষয়টি আবারও আলোচনায় এলো।
গতবছর ট্রাম্প প্রশাসনের জারি করা এক জরুরি আদেশে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত এই ভিসার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। ওই আদেশের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর আগামী সেপ্টেম্বরে তা শেষ হতে যাচ্ছে।
তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এটি একটি স্থায়ী বিধিমালার রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সে অনুযায়ী ডিএইচএসের প্রস্তাবিত ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের নতুন এই নিয়ম ফেডারেল রেজিস্টারের অনলাইনে প্রকাশ করা হয়। মঙ্গলবার এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে ৩০ দিনের একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু হবে ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফি বৃদ্ধি
- কর্মী
- ভিসা