বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যদের অনির্দিষ্টকাল ধরে বিনাবিচারে আটকে রাখা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২৪ সালের অগাস্টে কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়ার পর পুলিশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থককে আটক করে। তাদের মধ্যে শত শত ব্যক্তি এখনও কারাগারে রয়েছেন, যাদের বিরুদ্ধে এখানো সুনির্দিষ্ট অভিযোগই দাখিল করা হয়নি।
এইচআরডব্লিউ বলছে, শেখ হাসিনা সরকারের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ সঙ্গে কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। তবে আন্দোলনকারীদের হত্যার অভিযোগে অনেককে কোনো দৃশ্যমান প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।