হরমুজ সংকটের কারণে যেভাবে বদলে যাচ্ছে বৈশ্বিক সরবরাহব্যবস্থা
হরমুজ প্রণালির সংকট শুধু জ্বালানির ক্ষেত্রে সাময়িক ধাক্কা নয়, বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থার কাঠামোয়ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে। ইতিমধ্যে সেই পরিবর্তনের রূপরেখা দেখা যাচ্ছে।
হরমুজ প্রণালির সংকটের ধাক্কায় সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যা করছে, সেটা হলো জ্বালানি নিরাপত্তা ও পণ্য সরবরাহের ক্ষেত্রে একক দেশ, সরবরাহকারী বা পথের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর চেষ্টা। একই সঙ্গে তারা বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলছে। খবর সুইসইনফো
জেনেভাভিত্তিক পণ্যবাজার বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালির সংকট থেকে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় শিক্ষা হলো, বৈশ্বিক সরবরাহব্যবস্থা এখন শুধু ব্যয় সাশ্রয়ের ভিত্তিতে নয়; বরং ঝুঁকি মোকাবিলার সক্ষমতার ভিত্তিতেও সাজাতে হবে।
ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর এনার্জি অ্যানালিটিকসের জ্যেষ্ঠ ফেলো ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাবেক তেলবিষয়ক প্রধান নিল অ্যাটকিনসন বলেন, ‘সংকটের শুরুতে মনে হয়েছিল, বিপর্যয় ঘটতে যাচ্ছে। তবে বাজার দ্রুততার সঙ্গে বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছে। বিকল্প রপ্তানি পথ, উপসাগরের বাইরে বাড়তি উৎপাদন, কৌশলগত মজুত থেকে জ্বালানি ছাড় ও চাহিদা কমে যাওয়ায় বড় ধরনের সরবরাহে ঘাটতি এড়ানো গেছে।’