৩৭ বছর পর জানা গেল জন্মের পর বদলে গিয়েছিলেন তারা
কখনো কখনো জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর লুকিয়ে থাকে একেবারে কাছেই। দক্ষিণ চীনের দুই নারী হুয়াং শিয়াওলিন ও লি হুইয়ের গল্পটা ঠিক তেমনই।
জন্মের পর ভুল করে একে অপরের পরিবারে চলে গিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে দুজনই বড় হয়েছেন আলাদা পরিবারে। অথচ তাদের বাড়ির দূরত্ব ছিল মাত্র চার কিলোমিটার।
এই অবিশ্বাস্য সত্য সামনে আসে হুয়াং নিজের জন্মদাতা পরিবারের খোঁজ শুরু করার পর। তদন্তে জানা যায়, হাসপাতালের একটি ভুলই তাদের জীবনকে দুই ভিন্ন পথে নিয়ে গিয়েছিল। খবরটি প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
১৯৮৯ সালের অক্টোবর। চীনের গুয়াংডং প্রদেশের ছিংইউয়ান পিপলস হাসপাতালে মাত্র ৫৫ মিনিটের ব্যবধানে জন্ম নেন হুয়াং শিয়াওলিন ও লি হুই। জন্মের পর নার্সরা অল্প সময়ের জন্য নবজাতক দুজনকে তাদের মায়েদের কাছে দেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় নবজাতক কক্ষে। সেখানে দুই শিশুর পরনেই ছিল একই ধরনের হাসপাতালের পোশাক। সেই সময় প্রসূতি বিভাগে শিশুদের পরিচয় নিশ্চিত করতে হাতে পরানোর কোনো ফিতা ব্যবহার করা হতো না।