বিয়ে না হলে টাকা ফেরত, হুলুস্থুল ফেলেছে চীনা ডেটিং অ্যাপ
জীবনসঙ্গী খোঁজার প্রতিযোগিতাপূর্ণ বাজারে তরুণ-তরুণীদের আকর্ষণে এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্যাপ। নির্ধারিত তিন বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে না পারলে ২ হাজার ইউয়ান (প্রায় ৩০০ মার্কিন ডলার) বার্ষিক সাবস্ক্রিপশন ফি-র পুরোটাই ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছে অ্যাপটি।
চলতি বছরের জুলাই মাসে চালু হওয়া ‘লিয়াংপেই এআই’ (Liangpei AI) নামের এই ডেটিং প্ল্যাটফর্মটি প্রথাগত ব্যবসায়িক মডেলের বিপরীতে গিয়ে এই সাহসী বাজি ধরেছে।
সাধারণত চীনে ডেটিং অ্যাপের বাণিজ্য দাঁড়িয়ে আছে ব্যবহারকারীদের দীর্ঘদিন অ্যাপে ধরে রাখার ওপর। ২০২৪ সাল নাগাদ দেশটির ডেটিং অ্যাপ বাজার বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৬০ কোটি ইউয়ান (৩.৪ বিলিয়ন ডলার), এগুলোর মোট গ্রাহক প্রায় ২৮ কোটি। এই বিশাল বাজারের প্রথা ভেঙে ‘লিয়াংপেই এআই’ তাদের সম্পূর্ণ নতুন ধারার ব্যবসা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
প্রথাগত অ্যাপের চেয়ে কোথায় আলাদা?
প্রচলিত ডেটিং অ্যাপগুলোতে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক পাণিপ্রার্থীর সঙ্গে কথা বলার বা সোয়াইপ করার সুযোগ পান। তবে লিয়াংপেই এআই এই ধারণাকে বদলে দিয়ে ‘ওয়ান-অন-ওয়ান’ বা এক সময়ে কেবল একজনের সঙ্গেই যোগাযোগের কঠোর নিয়ম চালু করেছে। অর্থাৎ, বিদ্যমান সঙ্গীর সঙ্গে সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত ব্যবহারকারী অন্য কারও প্রোফাইল দেখতে বা নতুন কারও সঙ্গে কথা বলতে পারবেন না।
অ্যাপটিতে নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আসল নাম, অবিবাহিত থাকার সনদ এবং ছবি যাচাই করা বাধ্যতামূলক। চালু হওয়ার প্রথম মাসেই এই জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৫০ জনেরও বেশি বিবাহিত ব্যক্তিকে শনাক্ত করে প্ল্যাটফর্ম থেকে ছাঁটাই করা হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- ডেটিং অ্যাপ