প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে
দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক ও একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ (রোববার) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা অনলাইনে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানা যাবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রাথমিক বৃত্তির ফল