রেস্তোরাঁ বা বিমানবন্দরে নিরাপদে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ৫ কৌশল
রেস্তোরাঁ, বিমানবন্দর, শপিং মলসহ বিভিন্ন জায়গায় বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহার এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। তবে এই সুবিধার পাশাপাশি রয়েছে নিরাপত্তার ঝুঁকিও। সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং–সংক্রান্ত তথ্যও চুরি করতে পারে। তাই পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকলে এমন ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। নিরাপদে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ৫ কৌশল জেনে নেওয়া যাক।
১. নেটওয়ার্কের সঠিক নাম জানা
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ম্যান-ইন-দ্য-মিডল’ নামের সাইবার হামলা সবচেয়ে বেশি করে থাকে সাইবার অপরাধীরা। এ ধরনের হামলায় ব্যবহারকারীর যন্ত্র ও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাঝে সংযোগ স্থাপন করে গোপনে তথ্য সংগ্রহ করে তারা। আবার অনেক সময় আসল নেটওয়ার্কের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করা হয়। আর তাই ক্যাফে, রেস্তোরাঁ বা অন্য প্রতিষ্ঠানের পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের আগে দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছ থেকে নেটওয়ার্কের সঠিক নাম জেনে সংযুক্ত হতে হবে।
২. ফাইল শেয়ারিং সুবিধা বন্ধ
বাড়ি বা অফিসের বিশ্বস্ত নেটওয়ার্কে সহজে ফাইল আদান-প্রদানের জন্য অনেকেই ফোন বা ল্যাপটপে শেয়ারিং সুবিধা চালু রাখেন। কিন্তু পাবলিক নেটওয়ার্কে এই সুবিধা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংযুক্ত হওয়ার আগে এয়ারড্রপ, নেটওয়ার্ক ডিসকভারিসহ বিভিন্ন ফাইল শেয়ারিং সুবিধা বন্ধ রাখতে হবে।