ফোল্ডএবল আইফোন ঘিরে ক্রেতার ভিড়, মিলছে না সহজে
অ্যাপলের প্রথম ফোল্ডএবল ফোন আইফোন ডুও শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এসেছে। প্রায় ২ হাজার ডলার দাম আর সীমিত সরবরাহের কারণে ফোনটি নিয়ে ক্রেতাদের আগ্রহ থাকলেও আগের আইফোন উন্মোচনের মতো ব্যাপক আয়োজন দেখা যায়নি।
সিঙ্গাপুর, সাংহাই, লন্ডন ও স্যান ফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে ফোনটির চাহিদা ছিল বেশ ভালো। তবে বিক্রির পরিমাণ সীমিত রাখায় দোকানের বাইরে দীর্ঘ সারি কিংবা রাতভর অপেক্ষা করার দৃশ্য আগের আইফোন বাজারে আসার দিনগুলোর তুলনায় কম দেখা গেছে। এ নিয়ে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ফোল্ডএবল ফোনের বাজারে অ্যাপলের প্রবেশ এমন এক পরীক্ষা, যার মাধ্যমে বোঝা যাবে আইফোনের মতো নতুন করে এই বাজারের চেহারা বদলে দিতে পারে কি না কোম্পানিটি।
স্যামসাং ইলেকট্রনিকস ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানি বেশ কয়েক বছর ধরেই উচ্চমূল্যের ফোল্ডএবল ফোন বিক্রি করছে। ফলে আইফোন ডুও অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। একই সঙ্গে কোম্পানির নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের জন্যও এটি শুরুর দিকের বড় চ্যালেঞ্জ। হার্ডওয়্যার বিভাগের সাবেক প্রধান টার্নাস সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফোনটি উন্মোচন করেন।