কেইপ ভার্ডের প্রবল প্রতিরোধ সামলে টিকে রইল আর্জেন্টিনা
প্রথমার্ধের ক্লান্তিকর ফুটবলের মাঝে লিওনেল মেসির মুহূর্তের ঝলকে এগিয়ে গেল আর্জেন্টিনা। প্রতিপক্ষের বিবর্ণতার সুযোগে বিরতির পর ঘুরে দাঁড়াল কেইপ ভার্ড। নড়ে উঠলেন মেসি-মার্তিনেসরা; কিন্তু নির্ধারিত সময়ে কেউ পারলেন না ব্যবধান গড়ে দিতে। অতিরিক্ত সময়ে আবার এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা, এবং ফের সমতায় ফিরল আসরের চমক জাগানো দলটি। বারবার মোড় বদলের পর, উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল একটি আত্মঘাতী গোল। শিরোপা ধরে রাখার আশা টিকে রইল লিওনেল স্কালোনির দলের।
মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ১২০ মিনিটের ম্যাচে ৩-২ গোলে জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেসির গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নেমে সমতা টানেন দেরয় দুয়ার্তে। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, এবং কিছুক্ষণ পর দ্বিতীয়বার সমতায় ফেরে কেইপ ভার্ড। পরে, ডিনে বোর্জেস দুর্ভাগ্যবশত আত্মঘাতী হলে, শেষ ষোলোর টিকেট পায় স্কালোনির দল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬