সবাই ভেবেছিল সহজে জিতব, আমরা জানতাম এমন হবে না: স্কালোনি
অনেকটা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে কাঁপন ধরে গিয়েছিলো তাদের। অনেকের ভাবনা এলোমেলো করে কেপ ভার্দের লড়াই জাগায় বিস্ময়। স্কালোনি অবশ্য আগে থেকেই জানতেন যে ম্যাচটা মোটেও সহজ হবে না।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয় পায় আর্জেন্টিনা। তবে আফ্রিকার ছোট এই দেশের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে ঘাম ঝরাতে হয়েছে, তাতে স্পষ্ট নকআউটের কোনো ম্যাচই সহজ নয়।
শুক্রবার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ড্র ভাগ্য নিয়ে যারা কথা তুলেছিলেন, তাদের এক হাত নিয়ে স্কালোনি বলেন, ‘এটা তাদের জন্য জবাব, যারা বলেছিল ড্র-তে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি। অবশ্যই জয় এবং পরের রাউন্ডে যাওয়া আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন।’
কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মাঠের লড়াইয়ে চিত্রটা ছিল একদম ভিন্ন। চরম আন্ডারডগ হিসেবে খেলতে এসেও আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। দুইবার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ টেনে নিয়ে যায় অতিরিক্ত সময়ে।