‘রোনালদো-মদ্রিচ নয়, ম্যাচের ভাগ্য গড়বে মিডফিল্ডের লড়াই’
বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার দ্বৈরথ। একদিকে ক্রিস্তিয়ানো রোনালদো, অন্যদিকে লুকা মদরিচ। দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মনে করেন, এই ম্যাচের ফল নির্ধারণ করবেন না রোনালদো কিংবা মদ্রিচ; আসল লড়াই হবে মাঝমাঠে।
বুধবার টরন্টোয় সংবাদ সম্মেলনে দালিচ বলেন, 'আমার বিশ্বাস, এটি হবে মিডফিল্ডারদের লড়াই। পর্তুগালের মাঝমাঠে অসাধারণ খেলোয়াড় রয়েছে। তারা কৌশলগতভাবে খুবই শক্তিশালী। এই ম্যাচে একটি ভুলও বড় মূল্য চুকাতে হতে পারে।'
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। এরপর পানামাকে ১-০ এবং ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে গ্রুপ পর্বে মাত্র একটি জয় এবং দুটি ড্র নিয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও প্রতিপক্ষকে একটুও হালকাভাবে নিচ্ছেন না দালিচ, 'পর্তুগাল এমন একটি দল, যারা সবসময় বলের দখল নিজেদের কাছে রাখতে চায়। তাদের দুর্বলতা খুবই কম। যেকোনো মুহূর্তে তারা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।'
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬