মেক্সিকোর জয় উদ্যাপনে অন্তত দুজনের মৃত্যু
৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শেষ ষোলোতে। এমন জয়ের আনন্দে মেতে উঠেছে পুরো মেক্সিকো সিটিই। তবে হরিষে বিষাদ বলেও একটা কথা আছে।
বিশাল এই উদ্যাপনের মধ্যেই যেমন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্যাপনের হুড়োহুড়ির মধ্যে মেক্সিকো সিটিতে দম আটকে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইকুয়েডরের বিপক্ষে ঐতিহাসিক জয় উদ্যাপন করতে হাজার হাজার ফুটবল–ভক্ত জড়ো হয়েছিলেন মেক্সিকো সিটির বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের কাছে হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে। সেখানেই ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘উন্নত চিকিৎসা ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার পরও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। দম বন্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’
- ট্যাগ:
- খেলা
- নকআউট পর্ব