আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তবে এই মূল্যবৃদ্ধি এখনই অ্যাপলের সবচেয়ে বড় আয়ের উৎস আইফোনে প্রভাব ফেলছে না। নতুন ঘোষণার ফলে অ্যাপলের স্বল্পমূল্যের ল্যাপটপ ‘নিও’-এর শুরুর দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে ৬৯৯ ডলারে দাঁড়িয়েছে। কয়েক মাস আগে উন্মোচিত এই মডেলটি সাশ্রয়ী মূল্যের উইন্ডোজ ও ক্রোমবুক ল্যাপটপের বাজারে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে আনা হয়েছিল।
অ্যাপলের এই পদক্ষেপ দেখাচ্ছে, প্রযুক্তি শিল্পে সবচেয়ে শক্তিশালী সরবরাহ শৃঙ্খল থাকা কোম্পানিগুলোর একটি হয়েও তারা বৈশ্বিক মেমোরি সংকট ও ব্যয় বৃদ্ধির বাইরে থাকতে পারছে না। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার বাজারের প্রবৃদ্ধিকেও দুর্বল করে তুলতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে মেমোরি নির্মাতারা এআই খাতের বড় ক্রেতাদের দিকে বেশি ঝুঁকেছে। মাইক্রনের মতো প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার মতো এআই চিপ নির্মাতাদের অর্ডারকে অগ্রাধিকার দেওয়ায় ভোক্তা ইলেকট্রনিকস খাতে সরবরাহ কমে গেছে। এর ফলে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতাকে দাম বাড়াতে হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইপ্যাড
- ম্যাকবুক
- মূল্যবৃদ্ধি
- অ্যাপল