রাজস্বে রেকর্ডের আভাস ঘাটতির চাপও তীব্র
একদিকে দেশের ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ডের পথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অন্যদিকে অর্থবছর শেষে প্রায় ৮৮ হাজার কোটি টাকার বড় ঘাটতির আশঙ্কা—এই দুই বিপরীত চিত্রে দাঁড়িয়ে আছে চলতি ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব পরিস্থিতি।
এনবিআরের পূর্বাভাস অনুযায়ী, অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা। এটি সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকার তুলনায় ৮৮ হাজার কোটি টাকা কম।
সংস্থাটির সর্বশেষ হালনাগাদ হিসাব অনুযায়ী, ২০ জুন পর্যন্ত শুল্ক, ভ্যাট ও আয়কর মিলিয়ে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। জুনের প্রথম ২০ দিনেই আদায় দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। শেষ সময়ে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে।
এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে প্রথমবারের মতো রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করবে বলে মনে করছে এনবিআর। একই সঙ্গে এটি ২০২৪-২৫ অর্থবছরের ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার তুলনায় প্রায় ৪৩ হাজার কোটি টাকা বেশি হবে।