পানি-স্যানিটেশন সেবা জোরদার: বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা দিচ্ছে এডিবি
দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। এ অর্থে প্রায় ৯ লাখ মানুষের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন সেবার পরিধি বাড়ানো হবে। নির্মাণ করা হবে ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক। পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি সংযোগ।
গতকাল বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘ক্লাস্টার টাউনস পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের আওতায় পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পানি ও স্যানিটেশন সেবার মান উন্নত করাই এ প্রকল্পের লক্ষ্য।