রোমাঞ্চে ঠাসা ম্যাচে সমানে সমান নিউ জিল্যান্ড-ইরান
গতিময় ও প্রাণবন্ত ফুটবলের প্রদর্শনী ও আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা এক ম্যাচ। বিশ্বকাপের এই বিশাল মঞ্চে এই ম্যাচকে ঘিরে আগ্রহ হয়তো খুব বেশি ছিল না। কিন্তু এই ম্যাচটিই উপহার দিল এখনও পর্যন্ত আসরের সেরা লড়াইগুলোর একটি। রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারল না নিউ জিল্যান্ড। দুই দফায় ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করল ইরান।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ২-২ গোলে ড্র হলো ইরান ও নিউ জিল্যান্ডের লড়াই।
নিউ জিল্যান্ডের দুটি গোলই করেন ইলাইজা জাস্ট। ইরানের প্রথম গোলটি করেন ম্যাচজুড়ে দারুণ খেলা রামিন রেজাইয়ান। পরে তার ক্রস থেকেই হেডে গোল করেন মোহাম্মাদ মোহেবি।
প্রতিযোগিতামূলক আসরে এই দুই দলের প্রথম লড়াই ছিল এটি। সবশেষটি ছিল সেই ২০০৩ সালে।
লস অ্যাঞ্জেলসে ম্যাচের প্রথম কয়েক মিনিটে ইরান চেপে নিউ জিল্যান্ডকে। কিন্তু নিউ জিল্যান্ড গোল পেয়ে যায় ম্যাচে তাদের প্রথম আক্রমণেই।
সপ্তম মিনিটে নিউ জিল্যান্ডের অর্ধের ভেতর থেকে আসা লম্বা বল বক্সের বাইরে ক্রিস উডের কাছে পৌঁছায়। তিনি বল ধরে রেখে ডান দিকে থাকা জাস্টের দিকে একটি পাস বাড়িয়ে দেন। ২৬ বছর বয়সী উইঙ্গার কিছুটা জায়গা তৈরি করে ডান পাশ দিয়ে বল পাঠান জালে।