উন্নয়নের রূপকার শহীদ জিয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, দক্ষ সামরিক কর্মকর্তা, রাষ্ট্রনায়ক, সংগঠক, উন্নয়ন-চিন্তক এবং সমাজসেবামূলক রাষ্ট্রদর্শনের প্রবর্তক হিসাবে স্মরণীয় হয়ে আছেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে জাতিকে অনুপ্রাণিত করে। তিনি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন।
স্বাধীনতার পর তিনি সেনাবাহিনীর উচ্চপদে দায়িত্ব পালন করে ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন জনগণের আর্থ-সামাজিক মুক্তি নিশ্চিত করা যাবে। এ উপলব্ধি থেকেই তিনি রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসাবে গ্রহণ করেন আত্মনির্ভরতা, উৎপাদনমুখী অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা বিস্তার, কৃষি আধুনিকায়ন, যুব উন্নয়ন এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণের নীতি।