বিক্রি বাড়লেও ‘বাজার ভালো না’ বলছেন বিক্রেতারা
রাত পোহালেই দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের ঈদ সামনে রেখে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে গরু-মহিষ বিক্রি বেড়েছে। তবে বিক্রি বাড়লেও বিক্রেতাদের মধ্য অসন্তুষ্টি দেখা গেছে। ঈদের আগ মুহূর্তে গরুর দাম কমে গেছে বলে জানান বিক্রেতারা। আর বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের।
বুধবার (২৭ মে) সকালে গাবতলী হাটে এমন চিত্র দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা, টানা বৃষ্টির কারণে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও কর্দমাক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় পশু নিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। অনেক জায়গায় পা ফেলার মতো অবস্থাও নেই। কাদার কারণে পশু ওঠানামা, দেখাশোনা ও কেনাবেচায়ও ব্যাঘাত ঘটছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা খামারি ও ব্যবসায়ীরা দুর্ভোগের কথা জানিয়ে দ্রুত পানি নিষ্কাশন ও হাটের পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন।