ভারতে কোটি তরুণের সমর্থন পাওয়া ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ
ভারতে তরতর করে জনপ্রিয়তা বাড়তে থাকা ‘ককরোচ জনতা পার্টি’- সিজেপি জানিয়েছে, চালুর মাত্র কয়েক দিনের মাথায় তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির প্রধান বিচারপতি দেশটির কোটি কোটি বেকার তরুণদের পোকামাকড়ের সঙ্গে তুলনা করার পর এক তরুণ ইন্টারনেটে এই দল তৈরির ঘোষণা দেন। এরপর কয়েক দিনেই ইনস্টাগ্রামে দলটির অনুসারী সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়, যা ক্ষমতাসীন দল বিজেপির প্রায় দ্বিগুণ।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ভারতে সিজেপির ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছে না, এমনকি দেশের বাইরে অনেক স্থান থেকেও এতে প্রবেশ করা যাচ্ছে না।
দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ‘আইকনিক ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে’। তিনি প্রশ্ন করেন, ‘তেলাপোকা দেখে তাদের এত ভয় কেন?’
তিনি এক্সে (সাবেক টুইটার) লেখেন, তাদের এই দলটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয় এবং তারা এরইমধ্যে নতুন একটি ওয়েবসাইট তৈরির কাজ শুরু করেছেন। তিনি আরও যোগ করেন, তেলাপোকার মরণ নেই।
দলটির অফিশিয়াল এক্স পেজটিও এখন ভারতে আর দেখা যাচ্ছে না। যারা এটি খোলার চেষ্টা করছেন, তাদের একটি বার্তা দেখানো হচ্ছে যে, ‘আইনি নির্দেশের পরিপ্রেক্ষিতে’ এটি স্থগিত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির ছাত্র এবং রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ দীপকে আরও দাবি করেন, তার ব্যক্তিগত এবং দলের— দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাজনৈতিক দল
- ওয়েবসাইট ব্লক