রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা
গত দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। এর প্রভাবে রাজধানী ঢাকায় গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে অস্বস্তিকর গরমের পর আজ রোববার ভোরে আকাশ কালো করে নামে ভারী বৃষ্টি। সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। কিন্তু বৃষ্টির কারণে ঢাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সকাল থেকে কর্মমুখী মানুষকে পড়তে হয় বিড়ম্বনায়।
ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারও নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীবাসীর বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। অলিগতিতে দেখা দেয় জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।