সাকিব আল হাসানের সাক্ষাৎকার: ‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’
না থেকেও প্রতিমুহূর্তে তিনি আছেন বাংলাদেশের ক্রিকেটে। কবে তিনি দেশে ফিরবেন, আবার কি খেলবেন বাংলাদেশের হয়ে? বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর খেলা মানেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সেই টুর্নামেন্টের খোঁজখবর রাখতে শুরু করা। তবু দেশের ক্রিকেটে ব্রাত্য হয়ে আছেন সাকিব আল হাসান। কেমন কাটছে তাঁর এই সময়টা, সত্যিই কি ভাবেন আবার দেশের হয়ে খেলবেন, তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলোরই-বা কী অবস্থা? যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সব বিষয়েই খোলামেলা কথা বলেছেন সাকিব—
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে ক্রিকেটারদের জীবন এখন অনেকটাই যাযাবরের মতো। জাতীয় দলে না খেললেও প্রায় দুই বছর ধরে আপনার ক্ষেত্রে কথাটা আরও বেশি প্রযোজ্য। কেমন লাগে এই জীবন?
সাকিব আল হাসান: (হাসি) এটা আমি কীভাবে আপনাকে বোঝাই…। জাতীয় দল তো জাতীয় দলই, এটার কোনো বিকল্প হয় না। ফ্র্যাঞ্চাইজি লিগ আগেও খেলতাম, এখনো মোটামুটি খেলার ভেতরে আছি। জাতীয় দলে খেলা হচ্ছে না, এই আরকি। পার্থক্য তো থাকেই। তবে জাতীয় দলেও কি কেউ সারা জীবন খেলে নাকি! এটা ঠিক, জাতীয় দলে অনুশীলন বা ফিটনেস ট্রেনিংয়ের যে সুযোগ-সুবিধা থাকে, সেটা কোথাও পাওয়া সম্ভব নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এলে এটা নিয়েই বেশি কষ্ট করতে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থাকলে আরও ঝামেলা। জাতীয় দলে তো সবকিছু রেডি থাকে। এখানে নিজে নিজে করে নিতে হয়।
যদি কখনো কোনো কোচের সহায়তা লাগে, সেটাও তো নেই সেখানে, নাকি?
সাকিব আল হাসান: কোচের সাহায্য তো ধরেন এই সময় অত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, একটা গাইডেন্স থাকলে অবশ্যই ভালো। কারণ, কোচের চোখে দেখাটা তো অন্য রকম। তবে যেহেতু সবকিছু নিজেই জানি-বুঝি, মোটামুটি একটা ধারণা আছে। অত বেশি সমস্যা হয় না। সমস্যা হচ্ছে সুযোগ-সুবিধার ব্যাপারটা। বিশেষ করে নিউইয়র্কে ওই ধরনের কোনো সুযোগ-সুবিধাই নেই।
তাহলে কীভাবে প্র্যাকটিস করেন?
সাকিব আল হাসান: কিছুই করি না, শুধু ফিটনেস করি। এ কারণেই কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে আগে চলে যাই। পাঁচ-সাত-দশ দিন আগে। এমনিতে যদি আমি তিন দিন আগে যেতাম, এখন সাত দিন আগে যাওয়া লাগে। যেখানে খেলা হয় সেখানে তো সুযোগ-সুবিধা থাকে। সেখানে গিয়ে কদিন অনুশীলন করি।
যুক্তরাষ্ট্রে বা যেসব জায়গায় খেলতে যান, লোকজন আপনার এখনকার জীবন নিয়ে কিছু বলে? সবাই তো জানে আপনার অবস্থাটা…
সাকিব আল হাসান: না, এইগুলো নিয়ে কেউ বেশি খুব একটা আলাপ করে না। সর্বোচ্চ হয়তো জানতে চায়, ভাই, কবে যাচ্ছেন দেশে? কোনো কিছু হলো নাকি… সবার মনে আসলে একই প্রশ্ন, আমার মনেও যে প্রশ্ন (হাসি)।
জাতীয় দলে না খেলায় অনেকটা সময়ই আপনার অবসরে কাটছে। পরিবারের সঙ্গে থাকছেন। ক্যারিয়ারজুড়ে ব্যস্ততার তুলনায় গত প্রায় দুই বছরের জীবনটা একটু অন্য রকম। নিজেকে নিয়ে ভাবা, পেছন ফিরে তাকানো—এসবের সময়ও নিশ্চয়ই পেয়েছেন। তো সেখানে কোনো ভুলভ্রান্তি কি চোখে পড়ে?
সাকিব আল হাসান: খুব বেশি একটা না। তবে আমার মনে হয়েছে, বাংলাদেশের হিসাবে সময়ের আগে আমি অনেক কিছু করে ফেলছি। ধরুন, আমি হয়তো একটু আগেই এমন অনেক কিছু করে ফেলেছি, যেটা তখন দেশের মানুষ নিতে পারেনি। যেহেতু অনেক কিছুই আমি প্রথম করেছি, বেশির ভাগ জিনিস তো স্বাভাবিকভাবেই মানুষ বুঝে উঠতে পারেনি। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা থেকে শুরু করে এনডোর্সমেন্ট—সব ক্ষেত্রেই। আমার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলে সব সময়ই সমস্যা হয়েছে। এনডোর্সমেন্টের জন্য খেলার মাঝে ছুটি নেওয়া বা খেলার আগে-পরে; এইগুলা নিয়ে সমস্যা হতো। এখন দেখেন, এগুলো অনেক স্বাভাবিক হয়ে গেছে। অনেক ক্ষেত্রে তো এখন আপনারাই বলেন, কেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ছুটি দেওয়া হচ্ছে না, কেন অমুককে ছুটি দেওয়া হবে না, কেন অমুক দেশের সঙ্গে খেলার জন্য কাউকে আটকে রাখা হচ্ছে! কিন্তু আমার সময় আমি বারবার হয়ে যেতাম দেশদ্রোহী। কেউ আমাকে সাপোর্ট করেনি। তা-ও ঠিক আছে…আসলে কাউকে না কাউকে তো শুরু করতে হয়। আমার ক্ষেত্রে ও রকম হওয়াতেই হয়তো পরে অন্যদের জন্য ভালো হয়েছে।
শুনেছি কোনো একটি মহল থেকে নাকি টাকাপয়সার বিনিময়ে আপনাকে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটা কি ঠিক?
সাকিব আল হাসান: হ্যাঁ, এ রকম একটা প্রস্তাব আমার কাছে এসেছে যে এই টাকা দিলে মামলা ইয়ে করে দেবে…।
কত টাকা চেয়েছে? একটু বিস্তারিত বলবেন ঘটনাটা?
সাকিব আল হাসান: এই তো, বলেছে যে এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে, তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না। বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।
প্রস্তাবটা কারা দিল, বাদীপক্ষ?
সাকিব আল হাসান: হ্যাঁ, এফআইআরে বাদীপক্ষে যাঁর নাম আছে যোগাযোগ করার জন্য, তিনি দু-একজনের মাধ্যমে যোগাযোগটা করেছেন। কাদের মাধ্যমে, আমি তাঁদের নাম বলতে চাচ্ছি না।