অরক্ষিত মহানগরীর অসভ্যতা!
ইতিহাস পড়তে গিয়ে কয়েকটি শহরের নাম জেনেছি। প্রাচীন দুনিয়ার ব্যাবিলন, পার্সিনোলিশ, গুরগাঁও এবং কার্থেজ নিয়ে পড়তে গিয়ে সবার আগে যেটা জেনেছি যে শহরগুলো ছিল দুর্ভেদ্য।
বিশাল প্রাচীর দিয়ে পুরো শহরগুলো ঘেরাও করা ছিল এবং একটি সিংহ দরজাসহ অসংখ্য প্রবেশমুখ ছিল শহরগুলোর, যা নিয়ম করে নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে খোলা হতো এবং বন্ধ করা হতো। ফলে শহরে বসবাসরত প্রতিটি নাগরিক নিজেদের রাজা-বাদশাহ ভাবতেন এবং নাগরিকদের শত শত বছরের চেষ্টায় শহরকেন্দ্রিক যে সভ্যতা তৈরি হয়েছিল সেই সভ্যতার ফলে আমরা যে বিজ্ঞান-সাহিত্য এবং আবিষ্কার পেয়েছিলাম সেগুলোর ভিত্তিতেই আজকের আধুনিক সভ্যতার ভিত্তিমূল রচিত হয়েছে।
সুরক্ষিত নগরীর বাইরে সারা দুনিয়ায় অসংখ্য বিখ্যাত শহর ছিল, সেখানকার আমজনতা নিরাপদ না থাকলেও রাজা-বাদশাহদের নিরাপত্তার জন্য বড় বড় প্রাসাদ, দুর্গ, সেনানিবাস নির্মিত হয়েছিল। দিল্লি-আগ্রা, লন্ডন, প্যারিস, পিকিং বা বেইজিং ছাড়াও এমন অনেক শহর ছিল, যেখানে সুরক্ষিত প্রাসাদ বা দুর্গে নিরাপদে বসবাস করে বহু রাজবংশ শত শত বছর আরাম-আয়েশে রাজত্ব করেছে।
বিদেশ থেকে আক্রমণকারীরা এসেছে এবং বেশির ভাগ ক্ষেত্রে জনগণের সহায়-সম্পত্তি লুণ্ঠন করে চলে গেছে; কিন্তু রাজা-বাদশাহদের কিছুই হয়নি। গজনীর সুলতান মাহমুদ ১৭ বার ভারত আক্রমণ করেছেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করে দেশে ফিরে গেছেন; কিন্তু তাঁর আক্রমণে ভারতের কোনো শাসকগোষ্ঠীর পতন হয়নি।
উল্লিখিত দুটি প্রসঙ্গের প্রথমটি নিয়ে আলোচনা করতে চাইলে আপনাকে সভ্যতা ও অসভ্যতার আদি ও অকৃত্রিম উৎস সম্পর্কে জানতে হবে। যেসব রাষ্ট্রনায়ক তাঁর রাষ্ট্রের নাগরিকদের কথা ভেবেছেন এবং একটি নতুন সভ্যতার উন্মেষ ঘটাতে চেয়েছেন, তাঁরা সবাই নিজেদের প্রাসাদ সুরক্ষিত করার পরিবর্তে শহর-বন্দর-নগর-মহানগর সুরক্ষিত করেছেন।
ফলে নাগরিকরা সম্পদ অর্জন, ভোগবিলাসের পাশাপাশি সঞ্চয়, বিনিয়োগ, গবেষণা, শিক্ষা লাভ, ভালো মানুষ হওয়ার জন্য মানসিক বিকাশ ইত্যাদি কর্মে মনোনিবেশ করত। এসব কারণে সুরক্ষিত নগরীগুলোতে বসবাস, জ্ঞানচর্চা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য সারা দুনিয়া থেকে লোকজন ছুটে আসত। ফলে প্রাচীন দুনিয়ার মহাজ্ঞানী সোলন, হিরোডোটাস, পিথাগোরাস প্রমুখ দার্শনিকদের পেয়েছিলাম। মধ্য যুগের আল-বিরুনী, ইবনে সিনা, জাবির ইবনে হায়ান, মার্কো পলো, ইবনে বতুতার মতো মহামানবের সৃষ্টিকর্ম দ্বারা পৃথিবী আলোকময়তা পেয়েছে। আর আধুনিক দুনিয়ার নিরাপদ শহরগুলোতেই বৈজ্ঞানিক গবেষণা-শিল্পকর্ম, সাহিত্য-সংগীতের মেলা বসে।
- ট্যাগ:
- মতামত
- মানব সভ্যতা
- অরক্ষিত