হামের পরিস্থিতি: ‘জরুরি অবস্থা’ ঘোষণার তাগিদ বিশেষজ্ঞদের, দ্বিমত সরকারে
হাম ও হামের উপসর্গ নিয়ে দুই মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল। রোগটির প্রকোপ ঠেকাতে টিকাদান কর্মসূচি চললেও আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এই অবস্থায় হামের প্রাদুর্ভাবকে ‘স্বাস্থ্যের জরুরি অবস্থা’ ঘোষণা বা মহামারি হিসেবে বিবেচনায় নিয়ে সমন্বিত জরুরি পদক্ষেপের তাগিদ দিয়ে যাচ্ছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদেরা। তবে এর সঙ্গে একমত নয় সরকার। তাদের দাবি, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণেই আছে।
জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহামারি ঘোষণার প্রয়োজন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় চলে এসেছে ৯৬ শতাংশ শিশু। বাকিটা চলমান। সংক্রমণ বেশি, এমন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা জোরদার করা হয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চার শিশু হামে এবং সাত শিশু হাম উপসর্গে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে ৬৫ শিশু ও উপসর্গ নিয়ে ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। এ সময় ৪৯ হাজার শিশু উপসর্গে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৫ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ