ডাইনোসরের রাজত্বকালে অক্টোপাসের আকার কত বড় ছিল, জানালেন বিজ্ঞানীরা
প্রথম আলো
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:১২
আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে ডাইনোসরের রাজত্বকালে প্রাচীন সমুদ্রের একচ্ছত্র অধিপতি ছিল বিশাল আকারের অক্টোপাস। নতুন এক গবেষণা বলছে, এই প্রাচীন অক্টোপাসগুলো ছিল অত্যন্ত শক্তিশালী শিকারি, যারা তাদের বিশাল আকারের বাহু দিয়ে শিকার আঁকড়ে ধরত এবং পাখির ঠোঁটের মতো শক্তিশালী চোয়াল দিয়ে অন্য প্রাণীর খোলস ও হাড় চূর্ণ-বিচূর্ণ করে দিত।
জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি নতুন গবেষণা প্রাচীন অক্টোপাস সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। অসাধারণভাবে সংরক্ষিত কিছু জীবাশ্মে চোয়াল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, এই প্রাণীর দৈর্ঘ্য ১৯ মিটার বা প্রায় ৬২ ফুট পর্যন্ত হতে পারত। এটি সম্ভবত বিজ্ঞানীদের জানা এ–যাবৎকালের বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী।