অ্যানোক্রেসির কানাগলিতে বাংলাদেশ: ছদ্মবেশী গণতন্ত্রের ভবিষ্যৎ কী?
অ্যানোক্রেসি শব্দটি রাজনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হতে শুরু করে বিগত শতাব্দীর চল্লিশের দশকে। মূলত গ্রিক শব্দ ‘অ্যান’ (ব্যতীত) এবং ‘ক্রাটোস’ (ক্ষমতা বা শাসন) থেকে উদ্ভূত এই শব্দটি, যা আক্ষরিক অর্থে শাসনের অনুপস্থিতি বা বিশৃঙ্খলা বোঝালেও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এটি একটি সংকর ব্যবস্থাকে নির্দেশ করে। মার্কিন গবেষক ও অনুবাদক আর. এফ. সি. হুল ১৯৪০-এর দশকে জার্মান ধারণা ‘আক্রাটি’ (Akratie) বা ‘আধিপত্যমুক্ত অবস্থা’র ইংরেজি করতে গিয়ে এই অ্যানোক্রেসি পরিভাষাটির ব্যবহার করেন। জার্মান আক্রাটির আদি উৎসও গ্রিক।
মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংসহ অনেক জার্মান দার্শনিকের কাজ ইংরেজিতে অনুবাদ করার জন্য বিখ্যাত আর. এফ. সি. হুল যে অর্থে অ্যানোক্রেসি শব্দটি ব্যবহার করেছেন, জার্মানিতে আক্রাটি সেই অর্থ বহন করে না। আক্রাটি ধারণাটি অ্যানোক্রেসি ধারণার থেকে রীতিমতো ভিন্নার্থে ব্যবহৃত হয়। আক্রাটি মূলত সমাজবিজ্ঞানে ব্যবহৃত একটি পরিভাষা। অ্যানোক্রেসি পরিভাষাটিকে ভাবার্থে বাংলায় ‘নিয়ন্ত্রিত গণতান্ত্রিক ব্যবস্থা’ বলা যেতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে যে শাসনব্যবস্থায় গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার উপাদানের মিশ্রণ থাকে, সেই ব্যবস্থাকে অ্যানোক্রেসি বলা হয়। অর্থাৎ সহজ করে বললে বোঝায়, এটি এমন একটি শাসনব্যবস্থা যেখানে গণতান্ত্রিক ও অগণতান্ত্রিক উপাদানের মিশ্র প্রয়োগ দেখা যায়। নির্বাচনের আলোকছটায় ঢাকা স্বৈরাচারের অন্ধকার—অ্যানোক্রেসির এক অদ্ভুত দ্বিচারিতা। যেমন, এই ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার থাকে, একটি নির্বাচিত সংসদ ব্যবস্থা থাকে এবং সংসদের অন্যতম উপাদান বিরোধী দল থাকে। কিন্তু দুর্বল আইনের শাসন এবং নিয়ন্ত্রিত বাকস্বাধীনতার কারণে ভয়ের পরিবেশ ও প্রতিবেশ বজায় থাকে। এই ধরনের সংকর ব্যবস্থা কিছু স্পষ্ট বৈশিষ্ট্য বহন করে। অ্যানোক্রেটিক শাসনব্যবস্থায় নিয়ন্ত্রিত বাকস্বাধীনতা, দুর্বল আইনের শাসন, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, ও নিয়ন্ত্রিত রাজনৈতিক অংশগ্রহণের মতো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
এবার কর্তৃত্ববাদ-উত্তর বাংলাদেশের বর্তমান শাসনব্যবস্থাকে এই বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের জনগণের জন্য ‘গণতন্ত্র’ এক অধরা সত্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মনে এক ধরনের আশার সঞ্চার হয়েছিল যে, এবার মানুষ তাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। মানুষের এই ভাবনায় কোনো দোষ নেই, কারণ ওই অভ্যুত্থানের নেতৃত্বাধীন শক্তি আপামর জনগণকে সেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দ্রুতই সেই আশা নিরাশায় পরিণত হয়। অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী শক্তি ও তাদের নির্বাচিত সরকারের ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতদুষ্টতা ও ‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে ব্যর্থতা দেশে মবোক্রেসি বা দঙ্গল শাসনের সূচনা করে। এই দঙ্গল শাসন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মানুষের সেই শুভ প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। এরপর নানা রকম ষড়যন্ত্রতত্ত্বের বোঝা মাথায় নিয়ে ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসীন হয়। নির্বাচনের পর সাময়িকভাবে মব সন্ত্রাস থেকে মুক্তি পেলেও বাংলাদেশের জনগণের পূর্ণ গণতান্ত্রিক মুক্তি মেলেনি। একদল নির্বাচিত প্রতিনিধি ও একটি ‘কার্যকর’ সংসদ থাকলেও সর্বোপরি ভয়ের পরিবেশ ও প্রতিবেশ দূরীভূত হয়নি। তাই বলা যায়, বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক প্রতিবেশের জন্য দিনের পর দিন লড়াই করে আসছে, সেটি একটি সংকর ব্যবস্থায় এসে থিতু হয়েছে। তাত্ত্বিকভাবে এই পরিস্থিতিকে অ্যানোক্রেসি বা ‘নিয়ন্ত্রিত গণতান্ত্রিক ব্যবস্থা’ বলা হয়।
যদি বাকস্বাধীনতার মানদণ্ডে বিবেচনা করি, তাহলে দেখা যায় গণতন্ত্রের মোড়কে মোড়া বর্তমান শাসনব্যবস্থায় ‘নিয়ন্ত্রিত বাকস্বাধীনতা’র উপস্থিতি বেশ স্পষ্ট। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিক নির্যাতন ও বিনা বিচারে সাংবাদিকদের আটক একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়, যেটি ছিল অভ্যুত্থান-পরবর্তী সময়ের আকাঙ্ক্ষার সঙ্গে এক চরম বেইমানি। পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও সেই পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ প্রকাশিত একটি খবরে দেখা যায়, ৫ জন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ৫৯৩ থেকে ৬২০ দিন বিনা বিচারে আটক রয়েছেন। একটি নির্বাচিত সরকার এলেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো গণতান্ত্রিক সুরক্ষা দেয়নি।
বলা হয় ‘পরিসংখ্যান মিথ্যা বলে না’, তাই কিছু পরিসংখ্যানের মাধ্যমে এই পরিস্থিতি ব্যাখ্যা করা যেতে পারে। আইন ও সালিশ কেন্দ্রের বাৎসরিক প্রতিবেদনে দেখা যায়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শেষ বছরে শুধুমাত্র ২০২৫ সালে ৩৮১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হন। এছাড়াও আইন ও সালিশ কেন্দ্রের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০৬টি সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে; এর মধ্যে ৩৬ জন প্রশাসনের দ্বারাই নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এদের মধ্যে ১৭ জন আবার নির্যাতিত হয়েছেন দায়িত্ব পালনের সময়। অর্থাৎ একটি গণতান্ত্রিক নির্বাচনের পর বাকস্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে যেমন গণতান্ত্রিক উত্তরণের আশা করা হয়েছিল, সেটি হয়নি। সাংবাদিকতাসহ বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে সেই ভয় ও আতঙ্কের পরিবেশ এখনও বিরাজমান। অর্থাৎ বাকস্বাধীনতা থাকবে, কিন্তু সেটি সর্বজনীন নয়। এই নিয়ন্ত্রিত বাকস্বাধীনতা অ্যানোক্রেটিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।
গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো আইনের শাসন। দুর্বল আইনের শাসন সেই ব্যবস্থার অন্তরায়। এই বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে দঙ্গল শাসনের সূচনা হয়েছিল, নির্বাচিত সরকারের সময়ে সেটি বহুলাংশে বজায় থেকেছে। আইন ও সালিশ কেন্দ্রের বাৎসরিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে আইনের রক্ষকদের দ্বারা বিচারবহির্ভূত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হন ৩৮ জন। আমরা যদি আওয়ামী লীগের শাসনাধীন ২০২৩ সালের প্রতিবেদন পর্যালোচনা করি, তাহলে দেখা যায় ওই বছর বিচারবহির্ভূত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হন ২০ জন। এই প্যারামিটারে তত্ত্বাবধায়ক সরকারের সময়কে কর্তৃত্ববাদী শাসনের বর্ধিত সময় বললেও অত্যুক্তি হবে না। ২০২৬ সালে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনেও সেই আইনের শাসনের দেখা মেলেনি, কারণ ২০২৬ সালের প্রথম তিন মাসেই ৭ জন বিচারবহির্ভূত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার হয়েছেন। তাই বলা যায়, নির্বাচিত সরকার ও সংসদ থাকলেও জনগণ পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় যে আইনের শাসন উপভোগ করার কথা ছিল, সেটি তারা পায়নি।
- ট্যাগ:
- মতামত
- গণতান্ত্রিক পরিবেশ
- বাক স্বাধীনতা