ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প—‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে, যেগুলোতে আমি রাজি হতে পারি না।’
ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, খুব দ্রুত এই যুদ্ধ শেষ করা ঠিক হবে না, কারণ এতে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে সংকট তৈরি হতে পারে।
তিনি আরো হুঁশিয়ারি দেন, আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে।