কেন নিজেকে রাজা মনে হচ্ছে শাহরুখের
প্রথম আলো
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৫০
পরের ছবির নাম ‘কিং’। তবে সে কারণে নয়, অন্য একটি কারণে নিজেকে রাজা মনে হচ্ছে শাহরুখ খানের। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছবির সেই বিখ্যাত সংলাপ নতুন করে ফিরে এসেছে বিশ্বমঞ্চে, আর তারই প্রতিক্রিয়ায় নিজস্ব রসবোধে ভর করে শাহরুখ যেন আবারও প্রমাণ করলেন—তারকা হওয়া শুধু পর্দায় নয়, ব্যক্তিত্বেও।
সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওম শান্তি ওম’-এর বহুল জনপ্রিয় সংলাপের একটি অংশ শেয়ার করে। চলচ্চিত্রের পুরস্কার বিতরণী মঞ্চের দৃশ্যে বলা সেই সংলাপ—ভাগ্য, স্বপ্ন আর অপেক্ষার গল্প—আজও দর্শকের মনে একই রকম প্রভাব ফেলে। পোস্টটির সঙ্গে তারা লিখেছিল, ভাগ্য কখনো সুযোগ মিস করে না। এই এক বাক্যই যেন পুরোনো আবেগকে নতুন করে জাগিয়ে তোলে।