ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত অন্তত ১৫
রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একই সময়ে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেহুবভ জানান, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ শহর এবং আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
উত্তর-পূর্বাঞ্চলের আরেক এলাকা সুমিতে রাতভর হামলার সময় একটি ভবনে রুশ ড্রোন আঘাত হানলে অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের নিকোপোলের একটি বাজারে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন বলে জানান দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্দর গাঞ্জা।