এক ঘটনার আলাদা ঘটনাস্থল দেখিয়ে বাবা-শ্বশুরের মামলা
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীতে মোটরসাইকেল মেকানিক মো. নয়ন মিয়া হত্যার আলাদা ঘটনাস্থল দেখিয়ে আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলা করেছেন তাঁর শ্বশুর, অন্যটি তাঁর বাবা। শ্বশুরের করা মামলায় ঘটনাস্থল অসত্য উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ। এরপর ঘটনাস্থল কাঁঠালবাগান দেখিয়ে মামলা করেন নিহত নয়নের বাবা।
এ দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট চার শতাধিক আসামির মধ্যে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি মোহাম্মদপুর, কলাবাগান, লালমনিরহাট ও রংপুরের ব্যবসায়ীসহ অনেকে রয়েছেন। মামলাকে কেন্দ্র করে চক্রের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন কয়েকজন আসামি।
অনুসন্ধানে জানা গেছে, জুলাই শহীদদের তালিকায় ৭৩১ নম্বরে নাম থাকা মো. নয়ন বাংলামোটরে একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করতেন। থাকতেন হাতিরপুলে। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরের দাওয়াইরকুঠীতে। বাবার নাম লোকমান হোসেন, গ্রামে কৃষিকাজ করেন। নয়নের স্ত্রী ও এক মেয়ে রয়েছে।