আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে ফের জেএসএস ও ইউপিডিএফের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় ৫টা পর্যন্ত সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দুর্গমতার কারণে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ওই দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসব গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, সাজেক পর্যটন সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে স্থানীয় দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও এদিন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির অপর একটি সংগঠন পালটা অবরোধ ডাকে। এ অবরোধের প্রভাবে দুটি সংগঠনের শিথিলতা তেমনটা কার্যকর হয়নি বলে জানা গেছে। ফলে কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সোমবার থেকে আবার অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।