টি-ব্যাগ থেকে কাপে মিশছে শতকোটি প্লাস্টিক কণা
বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় চা। প্রতিদিন কোটি কোটি মানুষ এক কাপ চায়ে চুমুক দিয়ে দিন শুরু করেন। কিন্তু ফুটন্ত পানিতে টি-ব্যাগ ডোবানোর সময় চা ছাড়া আর কী কী আপনার কাপে মিশছে, তা কি কখনো ভেবে দেখেছেন? সম্প্রতি ১৯টি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গবেষকেরা।
গবেষণায় দেখা গেছে, টি-ব্যাগ থেকে চায়ে বিপুল পরিমাণ ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যেতে পারে, যা সাধারণ চোখে দেখা প্রায় অসম্ভব। গবেষকরা মূলত ক্ষুদ্র প্লাস্টিক কণার ( মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক) ওপর নজর দিয়েছেন। এদের একত্রে বলা হয় এমএনপি। মাইক্রোপ্লাস্টিকগুলো আকারে এক মাইক্রোমিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হয়। আর ন্যানোপ্লাস্টিকগুলো আরও ক্ষুদ্র, যা এক মাইক্রোমিটারের নিচে। মানুষের একটি চুল যেখানে দশ মাইক্রোমিটার চওড়া, সেখানে এই কণাগুলো খালি চোখে দেখা একেবারেই অসম্ভব।