সাঙ্গ হলো প্রাণের মেলা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ২২:০৮

অমর একুশে বইমেলার শেষ দিনে ভিড় থাকে। মেলায় যাঁরা আসতে পারেননি, তাঁরা শেষ দিন হাজির থাকার চেষ্টা করেন। তবে এবারের মেলার শেষ দিনের চিত্র ছিল ভিন্ন। পাঠকের ভিড় চোখে পড়েনি। সন্ধ্যার দিকে অবশ্য পাঠক কিছুটা বেড়েছিল। স্টলে স্টলে ছিল জটলা। গত বছর মেলার শেষ দিনে ছিল সরকারি ছুটি। এবার তা-ও নেই। শুরু হয়েছে ঈদের কেনাকাটা। সবকিছু মিলে আজ রোববার রাত ৯টায় মেলার ইতি হলো প্রাণবন্তহীন।


মেলার শুরু থেকেই সময় নিয়ে প্রকাশকেরা দুই ভাগে ভাগ হয়ে যান। তড়িঘড়ি করে শেষ দিকে এসে যুক্ত হন একদল প্রকাশক। তাই শুরু থেকেই একটা অগোছালো যাত্রা ছিল এবারের মেলার। তবু পাঠকের আগমনে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকাশকেরা নতুন বইয়ের ডালি সাজিয়ে তোলেন। পাঠক ব্যাগে ভরেন প্রিয় লেখকের বই। এই করেই কেটে গেল ১৮ দিনের মেলা।

আজ শেষ দিনে সন্ধ্যা পেরিয়ে ৯টা বাজার আগে আগেই কিছু প্রকাশনী তাদের বই গোছাতে শুরু করে। মুক্তধারার কর্মীরা বই গুছিয়ে বাক্সবন্দী করছিলেন। জানালেন, বলতে বলতেই মেলা শেষ হয়ে গেল। আবার এক বছরের অপেক্ষা।

অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সেলিম রেজা জানিয়েছেন, বইমেলার তথ্যকেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১৪ মার্চ পর্যন্ত ১ হাজার ৭৭১টি নতুন বই মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে। প্রকাশিত সব বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় নতুন বইয়ের প্রকৃত সংখ্যা দেওয়া যায়নি। মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২। গত বছর নতুন বই বের হয়েছিল ৩ হাজার ২৯৯টি।


গতকাল শনিবার পর্যন্ত ১৭ দিনে বাংলা একাডেমি ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে। বইমেলায় অংশ নেয় মোট ৫৮৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠান ৫৭০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও