এআইয়ের সহায়তায় স্মার্টফোনের তথ্য চুরি করতে সক্ষম ম্যালওয়্যারের সন্ধান
জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্মার্টফোনের তথ্য চুরি করতে সক্ষম ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, ‘প্রম্পটস্পাই’ নামের ম্যালওয়্যারটি গুগলের এআই চ্যাটবট জেমিনির সহায়তায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হামলার আগে করণীয় নির্ধারণ করতে পারে। অ্যান্ড্রয়েড–ভিত্তিক ম্যালওয়্যারে সরাসরি জেনারেটিভ এআই ব্যবহারের এটিই প্রথম উদাহরণ।
ইসেট জানিয়েছে, প্রচলিত ম্যালওয়্যার সাধারণত আগে থেকে লেখা নির্দিষ্ট স্ক্রিপ্টের মাধ্যমে পরিচালিত হয়। ফলে সেগুলোর কার্যকারিতা অনেক সময় নির্দিষ্ট যন্ত্র বা ব্যবহারকারীদের ইন্টারফেসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রম্পটস্পাই হামলার আগে স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত তথ্য সংগ্রহ করে তা জেমিনির কাছে পাঠায় এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা চায়। এতে ম্যালওয়্যারটি ভিন্ন নির্মাতাদের তৈরি স্মার্টফোন ও বিভিন্ন ইন্টারফেসের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে।
গবেষণায় দেখা গেছে, প্রম্পটস্পাই ম্যালওয়্যারটি স্মার্টফোনে প্রবেশের আগে পর্দার তথ্য এক্সএমএল (এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ফরম্যাটে জেমিনিকে পাঠায়। এতে স্মার্টফোনের ইন্টারফেসের বিভিন্ন উপাদান, লেখা, ধরন এবং পর্দায় অবস্থানসংক্রান্ত তথ্য থাকে। জেমিনি সেই তথ্য বিশ্লেষণ করে জেসন (জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন) ফরম্যাটে নির্দেশনা পাঠায়। পরে অ্যান্ড্রয়েডের অ্যাকসেসিবিলিটি সার্ভিস ব্যবহার করে সেই প্রম্পট কাজে লাগিয়ে স্মার্টফোনে প্রবেশ করে পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ম্যালওয়্যারটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল ম্যালওয়্যার
- তথ্য চুরি