না ভালো বইয়ের আলোচনা, না ভাষার অগ্রগতি
ভাষার মাস ফেব্রুয়ারি আসতেই আমরা আবেগে উদ্বেলিত হই। বাংলা ভাষার জন্য এ মাসে আমরা একটু বেশিই দরদী হয়ে উঠি। সারা বছর মাতৃভাষাটাকে অবহেলা করার জন্য এ যেন প্রায়শ্চিত্তের মাস। এ প্রায়শ্চিত্তেও কাজের চেয়ে কথাই বেশি। প্রায়শ্চিত্তটাতেও তারাই বাড়াবাড়ি করেন যারা এ ভাষাকে অবহেলা করেন সবচেয়ে বেশি। কিন্তু সব শেষে দেশে বাংলা ভাষার যে অবস্থা তা যা ছিল তাই থেকে যায়—মানে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়।
এ মাসে শহুরে বাঙালির বই কেনার হার অবশ্য একটু বেড়ে যায়, বিশেষ করে ঢাকায় বাংলা একাডেমির বইমেলার কারণে। কেউ কেউ হয়তো বছরে দু-একটা বই কেনেন, হয়তো নিজের জন্য নয়, ছোট ছেলেমেয়েদের জন্য। তাও মন্দের ভালো। কিন্তু সত্যিই ভালো হতো যদি মানুষ সারা বছরই বই কিনত। যেসব বই মানুষ বেশি কেনে, সেগুলো আসলে মানসম্মত কি না—সেটাও দেখার বিষয়। বই কেনার অভ্যাস না থাকলে বেশিরভাগ সময় মন্দ বই কেনাই স্বাভাবিক হয়ে যায়। এ কারণেই আমাদের বইমেলায় এত মন্দ বইয়ের ছড়াছড়ি। ক্রেতা যদি বইয়ের সঙ্গে চেয়ারটেবিল বা হাঁড়িপাতিলের পার্থক্য বুঝতে না পারেন, তাহলে এমনটা হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে ক্রেতারা চকচকে বিজ্ঞাপন বা আবেদনময়ী ভাষার ওপর নির্ভর করেন। ফলে মানহীন বইয়ের ভিড়ে অনেক ভালো মানের বইয়ের নাম হারিয়ে যায়।
তাহলে করণীয় কী? করণীয় হলো বই নিয়ে আলোচনা বাড়ানো। ভালো আলোচনা, বেশি আলোচনা এবং দেশব্যাপী তা সম্প্রসারণ। কিন্তু বই না পড়লে বই নিয়ে আলোচনাই বা আসবে কোত্থেকে? সংকট হচ্ছে বাংলাদেশে ভালো মানের বইয়ের আলোচনা বলতে গেলে নেই বললেই চলে। বইমেলা শুরু হলে পত্রপত্রিকায় নতুন বইয়ের ছবি ছাপা হয়। তাতে কিছু ভালো বইয়ের নাম জানা যায় ঠিকই, কিন্তু গভীরভাবে কিছু বোঝা যায় না। পত্রিকায় যা ছাপা হয়, তা প্রকাশনা ব্যবসার জন্য উপকারী হলেও লেখক ও পাঠকের কাজে লাগে না; অপাঠকদের কাছে কিছু বইয়ের খবর পৌঁছাতে পারে মাত্র। তাহলে বাংলাদেশে বইয়ের আলোচনার অবস্থা কী? এক কথায় করুণ।
প্রথমত বইয়ের আলোচনাকে এদেশে তেমন গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না। পত্রপত্রিকায় বা আনুষ্ঠানিকভাবে বইয়ের আলোচনা নেই বললেই চলে। আলোচনা অনুষ্ঠান আয়োজন করলে কোনো কোনো লেখককেও অনুপস্থিত থাকতে দেখা যায়—তাদের কারও কারও অহমিকার জন্য হয়তো। আবার কোনো কোনো ক্ষেত্রে লেখক নিজেই হয়তো আলোচনা অনুষ্ঠানের আয়োজক, তাই উপস্থিত থাকেন। কোনো খ্যাতিমান লেখক যদি তার বইয়ের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত না থাকেন, তা আলোচককে অনুৎসাহিত করে, কেননা যে আলোচনাটি তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন লেখকের নিজের কাছে তার কোনো মূল্য নেই। আমার নিজের এ অভিজ্ঞতা আছে বলে এটি উল্লেখ করছি।
লেখকের নিজের যদি এমন মানসিকতা হয়, তবে বইয়ের আলোচনায় কেউ উৎসাহিত হবেন কেন? আবার অনেক হামবড়া লেখক আছেন যাদের বইয়ের আলোচনা কেউ করলে লেখক ভাবেন আলোচক এর দ্বারা বর্তে গেছেন! খ্যাতিমান লেখকের ঘাড়ে ভর করে কোনো উঠতি লেখক যেন নিজের নাম কামাই করার ধান্দায় আছেন। কোনো লেখক যিনি এত উন্নাসিক হন, তিনি যত খ্যাতিমানই হন, কোনোভাবেই একজন মহৎ লেখক হওয়া দূরে থাক, তিনি যে ভালো মানুষই নন, তা বলার অপেক্ষা রাখে না।
আবার বই নিয়ে যেসব অল্পস্বল্প আলোচনা অনুষ্ঠান দেশে হয়, সেখানে এমনসব খ্যাতিমান আলোচক মঞ্চ আলোকিত করেন যে, তারা অনেকে আলোচ্য বইটি ছুঁয়ে দেখারও প্রয়োজন মনে করেন না। কিন্তু আয়োজকগণ হয়তো বইয়ের আলোচনা ততখানি চান না, যতখানি চান মঞ্চে নামডাকওয়ালা ব্যক্তির উপস্থিতি। অনেকেই তারা বলেন, “আমি বইটি পড়ে দেখার সময় পাইনি”, বা “এখানে এসে কথা শুনে বুঝতে পারছি”, বা “কাল রাতে বইয়ের দু-চার পাতা পড়ে দেখেছি”, ইত্যাদি। এতেই আয়োজক ও আলোচ্য বইয়ের লেখক লজ্জাহীনভাবে খুশি হন! বই নিয়ে সত্যিকার আলোচনা তাহলে উৎসাহিত হবে কী করে?
তা হবে যখন আলোচ্য বই মন দিয়ে পড়ে লেখককে তীব্র সমালোচনার মুখোমুখি করা হবে, খ্যাতির বিচারে কোনো ছাড় না দিয়ে। তবে সব লেখকেরই মনের গোপন বাসনা থাকে প্রশংসা লাভ। এমনকি মিথ্যা প্রশংসায় ভেসে যেতে চান বেশিরভাগ। সত্য সমালোচনার প্রতি থাকে তীব্র বিদ্বেষ। কোনো কোনো লেখক আশাই করেন তার লেখা নিয়ে কেবল ভূয়সী প্রশংসা হবে, ন্যূনতম সমালোচনা নয়। সত্যিকার ভালো লেখকের ক্ষেত্রে এটি শিশুসুলভ দুর্বলতা, মধ্যম মানের লেখকের ক্ষেত্রেও একে ক্ষমাসুন্দর চোখে দেখা যায়। তা বলে অবশ্য সমালোচক সৎ সমালোচনা হতে বিরত হতে পারেন না, কেননা তাহলে তিনি পাঠকের সঙ্গে ও সাহিত্য বিচারের ক্ষেত্রে প্রতারণা করবেন।
সমালোচক কোনো গুণ বা ত্রুটি বললেই যে তা সর্বসম্মতভাবে মানতে হবে, তা নয়। একেক সমালোচকের একেক রকম দৃষ্টিভঙ্গি, বিচারপদ্ধতি ও মূল্যায়ন থাকে। তাছাড়া পাঠিকা-পাঠকও স্বাধীন। সমালোচনার মূল উদ্দেশ্য অবশ্য লেখককে নিছক প্রশংসা বা কেবল সমালোচনা নয়, আলোচ্য বইয়ের সঙ্গে পাঠকের সংযোগ ঘটিয়ে দেওয়া। সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে এটাই সমালোচকের প্রধান কাজ বলে মনে করতেন। বইয়ের ক্ষেত্রেও তাই। বইটি পড়তে পাঠককে উৎসাহিত করা। তাই বলে একটি মানহীন বই পড়তে পাঠককে উৎসাহিত করাও অনৈতিক। সেক্ষেত্রে প্রয়োজন তার ভালো-মন্দ দিকগুলো তুলো ধরা এবং একইসঙ্গে পাঠকের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সম্মান করা।
- ট্যাগ:
- মতামত
- অমর একুশে গ্রন্থমেলা