মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম

প্রথম আলো প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে বাগেরহাটের খান আকরাম হোসেনের করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন।


মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে একই বছর আপিল বিভাগে খান আকরাম আপিল করেন।


আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দেন আপিল বিভাগ। আদালতে খান আকরাম হোসেনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শুনানি করেন।


পরে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, আপিল মঞ্জুর হওয়ায় ওই মামলা থেকে খান আকরাম হোসেন খালাস পেলেন। তিনি কাশিমপুর কারাগারে আছেন। খালাস পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।


অবশ্য চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায় পাওয়ার পর পর্যালোচনা সাপেক্ষে তা রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও