ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের সামনে থেকে দুজনকে পুলিশ আটক করেছে। অন্যদিকে, টিএসসির পাশের ঘটনা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া, ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিএমএম আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, এ সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পাশের একটি সড়কেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে দুজনকে আটক করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের শাহবাগ থানায় নিয়ে যান।
দ্য ডেইলি স্টারের ঢাবি সংবাদদাতা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দেখতে পান, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে আটক দুজনকে উত্তেজিত শিক্ষার্থীরা মারধর করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন