৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে। তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।