বিশ্বকাপ থেকে বাদ পড়ে নিজ দেশের উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়লেন শানাকা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দাসুন শানাকা নিজে থেকেই বললেন, “আগের বোলিং করার ব্যাপারটি ছিল সম্মিলিত সিদ্ধান্ত…।” তাকে বলতেই হতো, কারণ ততক্ষণে যে বুঝে গেছেন, সিদ্ধান্তটি ছিল চরম ভুল! শ্রীলঙ্কার অধিনায়ক অকপটেই বললেন, উইকেট পড়তে ভুল করেছেন তারা। আসরজুড়েই প্রত্যাশামতো উইকেট না পাওয়ায় ক্ষোভ প্রকাশও করলেন তিনি।
নিউ জিল্যান্ডের কাছে সুপার এইটের ম্যাচে হেরে বুধবার নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার বিদায়। সেমি-ফাইনাল সম্ভাবনা জিইয়ে রাখতে জিততেই হতো লঙ্কানদের। কিন্তু হেরে গেছেন তারা ৬১ রানে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ঠাসা গ্যালারির সামনে ম্যাচের এক পর্যায়ে শ্রীলঙ্কাকেই মনে হচ্ছিল যেন সফরকারী দল। উইকেটে বল টার্ন ও গ্রিপ করছিল বেশ। কিউই স্পিনারদের সামনে খাবি খাচ্ছিলেন লঙ্কান ব্যাটাররা।