বিশ্ব ক্রিকেটকে রাজনীতিকরণ করায় ভারতের তীব্র সমালোচনা উইজডেনের
বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করে উইজডেন বলেছে, বর্তমান পরিস্থিতি ‘ক্রমে অরওয়েলীয়’ হয়ে উঠছে। অরওয়েলীয় কথাটা এসেছে ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখালেখি থেকে। অরওয়েলীয়র সরল ব্যাখ্যা—এমন এক অবস্থা, যেখানে ক্ষমতার প্রভাবে সত্য বিকৃত হয়ে যায় এবং বাস্তবতার সঙ্গে কথার কোনো মিল থাকে না।
যুক্তরাজ্যভিত্তিক উইজডেন ১৮৬৪ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব তথ্য ও পরিসংখ্যানের সংকলন তো এতে থাকেই, স্বাধীন ও নিরপেক্ষ সম্পাদকীয় নীতির কারণেও উইজডেন বিখ্যাত। এমনি তো আর এটিকে ‘ক্রিকেটের বাইবেল’ বলা হয় না।
বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া উইজডেন–এর ১৬৩তম সংস্করণে সম্পাদক লরেন্স বুথের ‘নোটস ফ্রম দ্য এডিটর’–ই এর সর্বশেষ প্রমাণ। যেখানে তিনি বৈশ্বিক ক্রিকেটে ভারতের অস্বাস্থ্যকর ও রাজনৈতিক প্রভাব নিয়ে তীব্র আক্রমণাত্মক লেখায় প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন।