দলদাসত্ব বন্ধ না হলে আমলাতন্ত্রের জঞ্জাল সরানো অসম্ভব: মাহবুব কবির মিলন
মাহবুব কবির মিলন বাংলাদেশের একজন আলোচিত সাবেক সরকারি কর্মকর্তা। রেলওয়ের অতিরিক্ত সচিব এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ও জনবান্ধব উদ্যোগের জন্য ব্যাপক পরিচিতি পান ও প্রশংসিত হন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংস্কারমূলক বিষয়ে পরামর্শমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন বিষয়ে তিনি যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ হাসান শরীফ। সঙ্গে ছিলেন খালেদ বিন আনিস
যুগান্তর : নির্বাচনপরবর্তী জনপ্রশাসন কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মনে করেন?
মাহবুব কবির মিলন : ধন্যবাদ। আসলে আমলাতন্ত্র বিষয়টি কিন্তু খুব জটিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমলাতন্ত্রের যে সমস্যাগুলো, যেটা অনেক উপদেষ্টা মহোদয় বলছেন বা আমরা যা শুনছি... আসলে এটা একটা সম্পর্কের বিষয়। উপদেষ্টা বা মন্ত্রী যারা বসবেন, যারা মাথা হবেন একটা প্রশাসনের বা মন্ত্রণালয়ের-তার ক্ষমতা, তো যে কথাটা আমরা বলে থাকি, একজন মন্ত্রীর ওজন কতটা হবে? তিনি কতটা গ্রহণযোগ্য হবেন? তার সততা, ন্যায়পরায়ণতা, তিনি কতটা ওন করবেন তার নিজস্ব মন্ত্রণালয়কে-এটা একটা বড় ফ্যাক্টর। সরকার গঠনের সময়ই কিন্তু এটা চিন্তা করা উচিত। ভবিষ্যৎ সরকারের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে, এমন ব্যক্তি আমাদের দরকার-সেটা সচিব হোক বা মন্ত্রী হোক-তাকে হতে হবে এমন এক ব্যক্তি, তার ওজন এমন হতে হবে বা তার গ্রহণযোগ্যতা এমন হতে হবে, যিনি বসার সঙ্গে সঙ্গেই পরদিন থেকেই একটা থ্রাস্ট (Thrust) বা একটা ভূমিকম্প তৈরি হবে তার মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে। একটা ব্যাপার আছে, এসব ক্ষেত্রে মানুষে মানুষে পার্থক্য হয়। আমরা বলি না যে, অমুক উপদেষ্টা হলে ভালো হতো এই জায়গায়? এটা কেন আমরা বলি?