এবার বাঁক পরিবর্তনের নির্বাচন: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁক পরিবর্তনের নির্বাচন বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ রোববার দুপুরে জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, 'এবারের নির্বাচন বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১ হাজার ৪০০ শহীদের ওপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরের অন্ধকার যুগের অবসানের নির্বাচন। শহীদ পরিবারগুলোর হাহাকার অবসানের নির্বাচন। অতীতের বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন।'
ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন জানিয়ে তিনি বলেন, 'যুবকরা ভাতা চায় না, কাজ চায়। বেকার ভাতা দিয়ে যুবকদের অপমানিত করবো না, তাদের হাতে কাজ তুলে দেবো। যে যুবকদের হাতে কাজের নিশ্চয়তা দেবো, তাদের হাতেই বাংলাদেশ তুলে দেবো।'
শফিকুর রহমান বলেন, 'গণভোটে হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। হ্যাঁ-তে আজাদি, না-তে গোলামি। যারা জাতিকে গোলামির জিঞ্জির পরাতে চায়, তারা না চায়। কিছু দল হ্যাঁ ভোটের পক্ষে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আস্তে আস্তে লুকিয়ে বলেন। আপনারা না চাইলে প্রকাশ্যে বলে দেন।'