You have reached your daily news limit

Please log in to continue


শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: জামায়াত

ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে। জামায়াতের তথ্যপ্রযুক্তি দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারা এ কাজটি করেছে সেটি জানার চেষ্টা করছে। যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা গত কয়েকদিন ধরেই এই প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

জামায়াত নেতা আরও বলেন, ‘এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায়, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।’তবে কোন দল এই কাজ করছে, সেই বিষয়ে সরাসরি কারও  নাম বলেননি জামায়াতের এই নেতা।

জুবায়ের বলেন, অ্যাকাউন্ট হ্যাকের  বিষয়ে গতকাল শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন