ছবি সংগৃহীত
সেই সিরিয়াল কিলার এখনো অধরা - দৈনিক বাংলাদেশ প্রতিদিন
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১
ভিডিও ফুটেজ থেকে সংগ্রহ করা অজ্ঞাত সেই খুনির ছবি।
(প্রিয়.কম) রাজধানীর দক্ষিণখান এলাকায় একের পর এক হামলা ও হত্যার ঘটনা ঘটানো সেই সিরিয়াল কিলারের সন্ধান এখনো পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি র্যাব সেই সিরিয়াল কিলারের একটি ছবি দাঁড় করিয়েছে। ছবিটি বিভিন্ন গণমাধ্যম ও পোস্টার আকারে ছাপিয়ে টাঙানো হবে। তবুও মানুষের মনে কাটছে না আতঙ্কের ছাপ।
রাজধানীর দক্ষিণখানের অজ্ঞাত সেই ঠাণ্ডা মাথার সিরিয়াল কিলারকে ধরতে অভিযান চলছে। কয়েকদিনের মধ্যেই র্যাবের আকাঁ ছবি সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে যাবে। সেখানে ঘাতকের আকার-আকৃতি সবই থাকবে। তাকে ধরিয়ে দিতে থাকছে পুরস্কারও। দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজধানীর অজ্ঞাত সেই সিরিয়াল কিলারকে নিয়ে বুধবার ‘সেই সিরিয়াল কিলার এখনো অধরা’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাতকের হাতে নির্মমভাবে খুন হয়েছেন একে একে তিন মধ্যবয়সী নারী। আহত হয়েছেন আরও দুই নারী। এ ঘটনায় হতাহতদের পরিবার দক্ষিণখান থানায় মামলা করে। কিন্তু তার খোঁজ মিলছে না কোথাও।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও ফুটেজে দেখে বোঝা যায়, যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং ফরসা। মাথার চুল ছোট। ফরমাল পোশাক। কাঁধে ব্যাগ ঝোলানো। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢোকে। গৃহকর্ত্রীর সঙ্গে ফ্ল্যাট দেখতে যায়। আর ফ্ল্যাটে গেলেই পেছন থেকে গৃহকর্ত্রীর মাথা ও ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ খুনির সঙ্গেও সেই রসু খাঁর অনেক মিল রয়েছে। রসু খাঁর টার্গেটে যেমন ছিল নারী, তেমনি দক্ষিণখানের এই কিলারের টার্গেটও নারী। তারা বলছেন, খুনির টার্গেট সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। তার জীবনে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যে কারণে মধ্যবয়সী ধনাট্য পরিবারের নারীদের হত্যা করছে।
র্যাব-১ এর কর্মকর্তারা বলছেন, দেশের বিশিষ্ট আর্টিস্টদের দিয়ে ওই সিরিয়াল কিলার যুবকের একটি ছবি আঁকা হয়েছে। আশা করছি দ্রুত সময়ে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা বলছেন, থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট, ডিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সিরিয়াল কিলারকে গ্রেফতারে তত্পর।
প্রিয় সংবাদ/আজাদ