রাতের আকাশে রহস্যময় আলো
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১৯:৪৯
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে রাতের আকাশে হঠাৎ দেখা মিলেছে এক রহস্যময় আলোর। গত মঙ্গলবার রাতে আকাশে ভাসতে থাকা অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য, যা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান বা ইউএফও বলে দাবি করেন।
নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ার উইলিয়ামস লেক, প্রিন্স জর্জ এবং ফোর্ট সেন্ট জন এলাকায় এই অদ্ভুত আলো দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, বড় আকারের মেঘের মতো একটি ধোঁয়াটে ও উজ্জ্বল আলো দিগন্তজুড়ে নিঃশব্দে ভেসে যাচ্ছিল। কিছুক্ষণ পর তা ধীরে ধীরে মিলিয়ে যায়।