ছবি সংগৃহীত

সুজি দিয়ে তৈরি হবে মজাদার কুকিজ

নিগার আলম
লেখক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৭, ১০:২৮
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭, ১০:২৮

তুরস্কের জনপ্রিয় সুজির কুকিজ। ছবি: সংগ্রহীত

(প্রিয়.কম) এক কাপ চায়ের সাথে বিস্কুট বা কুকিজ হলে দারুন হয়। চা ছাড়াও হুটহাট ক্ষুধা মেটাতেও বিস্কুটের জুড়ি নেই। অনেকেই ঘরে কেকের মতো বিস্কুট তৈরি করে থাকেন। সাধারণত ময়দা দিয়ে কুকিজ তৈরি করা হয়। ময়দা ছাড়াও সুজি দিয়েও আপনি তৈরি করতে পারেন কুকিজ। তুরস্কে বেশ জনপ্রিয় একটি খাবার এটি।

উপকরণ:

১০০ গ্রাম মাখন

১০০ মিলিগ্রাম তেল

২ কাপ ময়দা

২টি ডিম

৩ টেবিল চামচ চিনির গুঁড়ো

২ টেবিল চামচ নারকেল কুচি

২ টেবিল চামচ সুজি

১ চা চামচ বেকিং পাউডার

১ চা চামচ ভ্যানিলা এসেন্স

সিরাপ তৈরির জন্য:

২.৫ কাপ চিনি

২.৫ কাপ পানি

/৪ লেবুর রস

১ টি ডিম ব্রাশ করার জন্য

বাদাম এবং পেস্তা সাজানোর জন্য

প্রণালী:

১। চিনির সিরা তৈরির জন্য চুলায় পানি এবং চিনি দিন। ফুটে এলে এতে লেবুর রস দিয়ে দিন। লেবুর রস চিনির ময়লা দূর করে দিবে।

২। তারপর মাখন এবং চিনি খুব ভাল করে মিশিয়ে নিন।

৩। মাখন এবং চিনি ভাল করে মিশে গেলে এতে তেল দিয়ে আবার বিট করুন।

৪। মাখন, চিনি এবং তেল বিট করার সাথে সাথে ডিম, ভ্যানিলা এসেন্স, নারকেল কুচি দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিন।

৫। এরপর এতে সুজি মিশিয়ে বিট করুন।

৬। এই মিশ্রণে বেকিং পাউডার এবং ময়দা আস্তে আস্তে মিশিয়ে বিট করতে থাকুন।

৭। ডো তৈরি হয়ে গেলে পছন্দের মত বিস্কুটের আকৃতি করে নিন।

৮। এখন ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।

৯। এটি দিয়ে বিস্কুটের উপর ব্রাশ করুন।

১০। এখন আপনি চাইলে বিস্কুটের উপর কাঁটা চামচ দিয়ে দাগ টেনে কিংবা একটি বাদাম বিস্কুটের উপর দিয়ে সাজাতে পারেন।

১১। এবার ১৮০ ডিগ্রী সেলসিয়াস বা ৩৬০ ফারেনহাইটে ২০-২৫ মিনিট বেক করুন।

১২। বিস্কুটগুলো তৈরি হয়ে গেলে এর উপর চিনির সিরা দিয়ে দিন।

১৩। ব্যস তৈরি হয়ে গেল মজাদার সুজির বিস্কুট।

সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন ভিডিওতে।

সূত্র: ইজি টার্কিশ রেসিপি 

সম্পাদনা: কে এন দেয়া