নিত্য প্রয়োজনীয় পণ্য: সংগৃহীত ছবি

যেসব ক্ষেত্রে ভ্যাট নেই

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জুন ২০১৭, ১৫:০৪
আপডেট: ০৪ জুন ২০১৭, ১৫:০৪

(প্রিয়.কম) নতুন ভ্যাট আইনে যেসব পণ্যের উপর ভ্যাট নেই সেগুলো সম্পর্কে একটু জেনে নেয়া যাক।

মৌলিক খাদ্য

চাল, আটা, ময়দা, চিনি, লবণ, মাছ, মাংস, সবজিসহ কৃষিজাত মৌলিক খাদ্যপণ্য ও লবণ আগের মতোই নতুন ভ্যাট আইনে ভ্যাট অব্যাহতি পেয়েছে। শুধু সরবরাহ নয়, এগুলোর আমদানিতে ভ্যাট নেই। ফলে মৌলিক খাদ্যপণ্য কিনতে ক্রেতাকে ভ্যাট দিতে হবে না।

ভোজ্যতেল

ভ্যাট অব্যাহতির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে সয়াবিন তেল ও পাম তেলের উৎপাদন ও সরবরাহ পর্যায়ে । পাশাপাশি সূর্যমুখীর তেল ও চালের কুঁড়ার তেল সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি পেয়েছে। ফলে ভোজ্যতেল কিনতে ভ্যাট লাগবে না।

মসলা

পেঁয়াজ, রসুন, হলুদ, আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, ধনে, জিরা ইত্যাদি মসলাজাতীয় পণ্য আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি পেয়েছে। ফলে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলেও ভ্যাটের কারণে এসবের দাম বাড়ার কোনো কারণ নেই।

তরল দুধ

প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধ এর ওপর ভ্যাট দিতে হবে না। দুধের পাশাপাশি পনির ও মাঠাকেও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ভ্যাটের কারণে এসব পণ্যের দাম বাড়বে না।

ফল

বিভিন্ন ধরনের দেশি ও আমদানি করা ফল সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কিছু ফল বাদে বাকি ফলের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট আছে, যা আগেও ছিল। এতে নতুন করে ফলের দাম বাড়বে না।

বাসা ভাড়া

সাধারণ মানুষের বসবাসের বাসার ভাড়াকে ভ্যাটমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে আপনার বাসা ভাড়ার ওপর ভ্যাট দিতে হবে না। একইভাবে নিবন্ধিত কারখানা, ১৫০ বর্গফুটের কম আয়তনের স্থাপনা ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত কোনো স্থাপনার ভাড়ায় ভ্যাট নেই।

বাস-ট্রেনের টিকিট

সাধারণ বাস, ট্রেন ও লঞ্চের যাত্রী পরিবহনসেবা ভ্যাটের আওতামুক্ত। যদি শীতাতপনিয়ন্ত্রিত না হয়, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে না। এতে এখনো ভ্যাট ছিল না। ফলে নিম্ন আয়ের মানুষ গন্তব্যে যাওয়ার ভাড়ায় ভ্যাটমুক্ত সুবিধা পাবেন।

ওষুধ ও চিকিৎসা

জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসেবা ভ্যাটের আওতামুক্ত থাকবে। বিভিন্ন ওষুধ ও চিকিৎসা উপকরণের আমদানিও ভ্যাটমুক্ত করা হয়েছে। অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও ভ্যাট দিতে হবে না। ইনসুলিন, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কিনতেও ভ্যাট লাগবে না। তবে সব ধরনের ওষুধ ভ্যাটমুক্ত নয়।

শিক্ষা

শিক্ষা ও প্রশিক্ষণ ভ্যাটের আওতামুক্ত। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বেতন ও অন্যান্য ফি ভ্যাটের বাইরে থাকবে। অবশ্য ইংরেজি মাধ্যম স্কুলকে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়নি। কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলের ভ্যাটের বিষয়টি হাইকোর্টের বিচারাধীন।

বিনোদন

বই, ম্যাগাজিন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অপেশাদারি খেলাধুলা, লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের টিকিট, কৃষি, বন্য প্রাণী, শিল্পসাহিত্য, প্রযুক্তি, প্রকৌশল ইত্যাদি প্রদর্শনীর টিকিট ভ্যাটমুক্ত। অবশ্য বিনোদনের অনেক ক্ষেত্রে আবার ভ্যাট রয়ে গেছে। যেমন সিনেমা হল, অভিজাত সামাজিক ক্লাব ইত্যাদি।

সূত্র: প্রথম আলো

প্রিয় সংবাদ/হিরা/আশরাফ