স্বর্ণালংকার। ফাইল ছবি
জেনে নিন সোনা-রুপার নতুন দর
আপডেট: ২০ মার্চ ২০১৮, ১০:৫৭
(প্রিয়.কম) সোনার দাম বাড়ানোর প্রায় দেড় মাস পর দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি ভালো মানের সোনায় সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
১৯ মার্চ, সোমবার থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। এর আগে ২৫ জানুয়ারি সর্বশেষ সোনার দর ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।
সমিতির তথ্য অনুযায়ী, বর্তমান বাজারে ভরিপ্রতি স্বর্ণ ও রুপার কত দাম তা জেনে নেওয়া যাক-

ভরি প্রতি স্বর্ণ ও রুপার দাম।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯৭২ টাকায়। ২৫ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত এই স্বর্ণের দাম ৫২ হাজার ২৫৫ টাকা ছিল। অর্থাৎ ২২ ক্যারেটে ভরিতে দাম কমেছে এক হাজার ২৮৩ টাকা।
মূল্য হ্রাস পাওয়ায় ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৭ টাকা। আগে এ মানের স্বর্ণের মূল্য ৪৯ হাজার ৯২২ টাকা ছিল; অর্থাৎ ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।
আর ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৬৭৩ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৪৩ হাজার ৬২৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে এক হাজার ৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৪১৯ টাকা। রবিবার পর্যন্ত ভরিপ্রতি যা বিক্রি হয়েছে ২৭ হাজার ৪১০ টাকায়। অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯৯১ টাকা।
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দর পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। ২১ ক্যাডমিয়ামের রুপা ভরিপ্রতি আগের দর এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রিয় সংবাদ/রুহুল