ছবি সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের তথ্য নিয়ে ডিজিটাল ডাটাবেজ

techadmin
লেখক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১০:১৪
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১০:১৪

(প্রিয় টেক) আগামী এপ্রিল নাগাদ অনলাইনে প্রকাশ করা হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশ করেছে এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকার ডাটাবেজ। আগামী ৩০ মার্চ পর্যন্ত সংশোধন করা হবে এই খসড়া তালিকা। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম। তিনি জানান, এপ্রিল মাসে চূড়ান্ত ডাটাবেজ প্রকাশ করা হবে। এ সময় বর্তমানে গেজেটকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ চার হাজার রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার খোঁজ পাওয়া গেছে। তাদের ব্যাপারে চিঠিও পাঠানো হয়েছে। অনেকের নাম ইতিমধ্যে বাদও দেয়া হয়েছে। তবে চূড়ান্ত তালিকা ডাটাবেজে প্রকাশ করার পরও এ তালিকায় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।” এই তালিকা প্রণয়ন কাজের দায়িত্বে রয়েছেন মুক্তিযোদ্ধাদের ডটাবেজ তৈরি ও গণ উদ্বুদ্ধকরণ কর্মসূচির পরিচালক সৈয়দ মুজিবুল হক।