‘আমরা রাজি না হলে পাশের থানা থেকে পুলিশ আনিয়ে ক্রসফায়ার দেন এসপি’
বরিশালের আগৈলঝাড়া থানার কেউ রাজি না হওয়ায় পাশের উজিরপুর থানা থেকে পুলিশ এনে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে জেলাটির সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ ক্রসফায়ার দেন বলে জবানবন্দিতে উঠে এসেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ বুধবার এমন জবানবন্দি দেন সাক্ষী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অসীম কুমার সিকদার। ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন। তিনি ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১২ মে পর্যন্ত বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি ক্রসফায়ারের শিকার দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক–সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
এ মামলায় প্রথম সাক্ষী জবানবন্দি দেওয়ার আগে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
এ মামলায় চার আসামি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।