ছবি সংগৃহীত

পরিবারের বিরুদ্ধে ক্রিকেট বেছে নিয়েছিলেন হাবিবুল বাশার!

priyo.com
লেখক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪৮
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪৮

ছবি:সংগৃহীত

(প্রিয়.কম) অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক বলা হতো হাবিবুল বাশার সুমনকে। কিন্তু মজার ব্যাপার হলো, ক্রিকেটের ব্যাপারে কোনরকম আগ্রহই ছিলো না তার পরিবারের।

কুষ্টিয়ার ছেলে হাবিবুল বাশার যখন ক্রিকেটে তার ক্যারিয়ার গড়তে চেয়েছেন, পরিবার থেকে সমর্থন পাননি একটুও। উল্টো তাকে বাঁধা দেওয়া হয়েছে। ২০১৪ সালে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন কেন তার বাবা-মা তাকে ক্রিকেটে যেতে দিতে চাননি।

তিনি যখন শুরু করেন, বাংলাদেশে ক্রিকেটের অবস্থান ছিলো একেবারেই তলানিতে। সুযোগ-সুবিধাও ছিলো নামেমাত্র। কিন্তু হাল ছাড়েননি সুমন। ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা থেকেই এগিয়ে গেছেন সামনে। তার হাত ধরেই প্রথমবার টেস্টে জয় পায় বাংলাদেশ দল।

তিনি বলেছিলেন, ‘আমার বাবা-মা কখনই চাননি আমি একজন ক্রিকেটার হই। তারা চেয়েছিলেন আমি যেন আমার পড়াশোনা শেষ করি, চাকরি করি। তখনকার দিনে ক্রিকেট ছিলো দ্বিতীয় পছন্দ। তাছাড়া সেইসময়ে ক্রিকেট বলতে অক্টোবরে শুরু হয়ে মার্চে শেষ। তারপর আর কোন ক্রিকেট নেই। কিন্তু এই খেলাটার প্রতি আমার ভালোবাসা ছিলো, এটাই আমাকে প্রেরণা দিয়েছে।’

পারফরম্যান্সের দিক থেকেও তার সময়ে নিজেকে এগিয়ে রেখেছিলেন। টেস্টে বাংলাদেশ ক্রিকেটের প্রথম হাজার রানের মাইলফলক পার করেন তিনি। ২০০৮ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত তার খেলেছেন ১১১টি ওয়ানডে এবং ৫০টি টেস্ট ম্যাচ। রান তুলেছেন যথাক্রমে ২০১৬৮ (হাফসেঞ্চুরি ১৪টি), এবং ৩০২৬ (হাফসেঞ্চুরি ২৪ টি ও সেঞ্চুরি তিনটি)।

এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের দিক দিয়ে সবার শীর্ষে হাবিবুল বাশার। ২০০৪-২০০৭ সাল পর্যন্ত তার অধিনায়কত্বে বাংলাদেশ ৬৯টি ওয়ানডে খেলে যেখানে জয় ২৯টি, হার ৪০টি।

জানিয়ে রাখা ভালো, এই মূহুর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) তিন সদস্যের সবচেয়ে সফল নির্বাচক কমিটির অন্যতম একজন সদস্য তিনি।